ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে নোঙর করা ট্রলারে আরেকটির ধাক্কা, জেলে নিখোঁজ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৯, ৫ মে ২০২৪
খালে নোঙর করা ট্রলারে আরেকটির ধাক্কা, জেলে নিখোঁজ 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর-বিষখালী ভাড়ানি খালে নোঙর করা একটি ট্রলারে আরেকটি ট্রলারের ধাক্কায় মনির হোসেন নামে এক জেলে খালে পড়ে নিখোঁজ রয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা খালের লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে নোয়াখালী জেলার লক্ষিপুর উপজেলার চকবাজার এলাকার হাফেজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফোয়ান-১ ট্রলারের জেলে ছিলেন মনির। 

Advertisement

নিখোঁজ মনিরের চাচা শ্বশুর ইসমাইল হোসেন বলেন, পাথরঘাটা লঞ্চঘাটের ঘাটে আমাদের নোঙর করা ট্রলারে আরেক ট্রলার ধাক্কা দেয়। এ সময় আমাদের ট্রলারের সুকান ছুটে গিয়ে মনিরের গায়ে পড়ে। এতে মনির ছিটকে খালে পড়ে তলিয়ে যায়। 

ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলে খালে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা খালে উদ্ধার কাজ শুরু করেছে। খালের চারটি পয়েন্টে জাল ফেলে আটকিয়ে দেওয়া হয়েছে যাতে দেহটি ভেসে যেতে না পারে। 

এদিকে ঘটনার পরপরই পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী ডুবুরি দলকে খবর দিয়েছে বলে জানা গেছে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ছিলেন। স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে। এতে ফায়ার সার্ভিস ও পুলিশ সহায়তা করছে।’
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!