ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানবপাচারের দায়ে ইউপি মেম্বারের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫, ২৬ এপ্রিল ২০২৪
মানবপাচারের দায়ে ইউপি মেম্বারের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে মানবপাচারের অভিযোগে জাহিদুল হক নামের এক ইউপি মেম্বারের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার মেহেরপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা জজ) মো. তহিদুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডিত জাহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ প্রফেসর পাড়ার মাহাতাব উদ্দীনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। 

মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুর শহরের নতুন পাড়ার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জতন আলীর মেয়ে রেবা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় জাহিদুল হক মেম্বার এর সঙ্গে পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে রেবা খাতুনকে জর্ডানে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করেন। 

Advertisement

২০১৪ সালের ১০ অক্টোবর ৫০ হাজার টাকাসহ রেবাকে ঢাকায় নিয়ে যান। এ ঘটনার চার দিন পর রেবার পরিবারের পক্ষ থেকে জাহিদুলকে ফোন দেওয়া হলে রেবা খাতুনকে বিদেশে পাঠানোর ব্যপারে তালবাহানা শুরু করেন।

পরে জাহিদুল টাকা এবং রেবাকে ফেরত দিতে অস্বীকার করলে রেবার ভাবি গাজু খাতুন ২০১৪ সালের ২৭ অক্টোবর মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬,৭,ও ৮ ধারা একটি মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে মামলাটি মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর (৬) ধারায় অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট পাঁচজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

এতে আসামী জাহিদুল হক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে ইতোপূর্বে ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ান রি-কল পূর্বক নতুন ভাবে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!