ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেরোইন বহনের দায়ে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ২৫ এপ্রিল ২০২৪
হেরোইন বহনের দায়ে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
ফাইল ছবি

সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে ট্রাকচালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, রাজশাহী গোদাগাড়ী থানার বাঁশতলীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর এলাকার বিল্লাল হোসেন (২৬) ও হাসান আলী (২০)।

Advertisement

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা জানান, ২০২০ সালের ৬ ডিসেম্বর সকালে র‍্যাব জানতে পারে, সলঙ্গা থানা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিসমিল্লাহ হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব।

এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় র‍্যাব-১২ এর সেলিম পারভেজ বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!