ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসায় গিয়ে লাশ হয়ে ফিরলো কুমিল্লার নুসরাত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২৩ এপ্রিল ২০২৪
মাদরাসায় গিয়ে লাশ হয়ে ফিরলো কুমিল্লার নুসরাত
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে পুকুর থেকে নুসরাত (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গৌরীপুরের ভুলিরপার এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ভুলিরপার ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামীয়া মাদরাসার পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নুসরাত ঐ মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। সে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হাইধরকান্দি গ্রামের প্রবাসী রবিউলের মেয়ে। মেয়েটিকে পাঁচদিন আগে ঐ মাদরাসায় ভর্তি করানো হয় বলে জানায় তার সহপাঠীরা।

নুসরাতের সহপাঠী ফাতেমা ও ফাহিমা বলেন, গত শুক্রবারে নুসরাত ও তার ছোট ভাই এখানে ভর্তি হয়। সোমবার রাতে আমরা একসঙ্গে ঘুমাইছি। ফজর নামাজের জন্য উঠে দেখি নুসরাত রুমে নেই। সকাল বেলা শুনি পুকুরে ভেসে আছে।

Advertisement

নুসরাতের মা মোর্শেদা বেগম বলেন, পাঁচদিন আগে মেয়ে ও ছোট ছেলেকে মাদরাসায় দিয়েছি। সেখানেই থাকতো। মঙ্গলবার সকালে আমাকে হুজুররা ফোন করে আসতে বলে। এসে শুনি আমার মেয়ে আর দুনিয়াতে নেই। পুকুর থেকে নাকি তার ভাসমান লাশ তুলেছে। কিন্তু আমার মেয়েতো সাঁতার জানতো।

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। পরে মাদরাসার পাশের পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠিয়েছে পুলিশ।

তিনি আরো বলেন, পুরো মাদরাসাটিতে সিসি ক্যামেরা লাগানো দেখেছি। এগুলো পর্যালোচনা করে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে রহস্য বের হয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!