ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে সেতুর ওপর ট্রাক বিকল, যান চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২২ এপ্রিল ২০২৪
মানিকগঞ্জে সেতুর ওপর ট্রাক বিকল, যান চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কলেজ গেইট সংলগ্ন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার মধ্য রাত থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, এই বেইলি সেতুটি দিয়ে গালা, গোপীনাথপুর ইউনিয়ন, শিবালয়ের আরোয়া ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম পথ। সেতুটি দিয়ে উপজেলার ঝিটকা হাটের ক্রেতা-বিক্রেতারা মালামাল আনা নেওয়া করে থাকেন। পাশেই আরেকটি সেতুর কাজ চলমান থাকলেও তা এখনো ব্যবহার করা যাচ্ছে না। সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গতকাল রাত থেকে ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ থাকায় ২ থেকে ৩ কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
 
ওষুধ কোম্পানিতে কর্মরত মানিকগঞ্জ সদরের বাসিন্দা মো. আব্দুর সাত্তার বলেন, ট্রাকটি গতকাল মধ্য রাত থেকে ব্রিজের উপর আটকে আছে। এতে এই ব্রিজ দিয়ে কোনো গাড়িসহ পথচারীরাও পারাপার হতে পারছেন না। ফলে ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের মাঠ সংলগ্ন ব্রিজ হয়ে ৩-৪ কিলোমিটার পথ ঘুরে সোনাকান্দা টু কলেজ গেইট সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে।

ট্রাক মালিক সুজন মিয়া বলেন, গতকাল রাতে ট্রাকের সামনের পাতি ভেঙে ব্রিজের ওপর ট্রাকটি বিকল হয়ে আছে। মানিকগঞ্জ থেকে ট্রাকের পাতি ও মিস্ত্রি এনে দ্রুতই ট্রাকটি ব্রিজ থেকে সরানোর কাজ শুরু করা হবে।

Advertisement

সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন জানান, ঝুঁকিপূর্ণ সেতুর পাটাতন দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। আর ট্রাক বিকলের বিষয়ে আমাদের দফতরের বিষয় নয়।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!