ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানহীন লক্কর-ঝক্কর বাসে অতিরিক্ত ভাড়া আদায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১৯ এপ্রিল ২০২৪
মানহীন লক্কর-ঝক্কর বাসে অতিরিক্ত ভাড়া আদায়
গাইটাল বাসস্ট্যান্ড কিশোরগঞ্জ: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা পরিবহন মালিক-শ্রমিকদের হাতে অনেকটাই জিম্মি। মানহীন বাসে দীর্ঘদিন ধরে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন তারা। কিন্তু সে অনুযায়ী বাসের মান ও সার্ভিস নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের।

গেটলক সার্ভিসের ভাড়া আদায় করা হলেও সেবা মেলে লোকাল সার্ভিসের। প্রতি স্টপেজেই চলে যাত্রী ওঠানামা। এর প্রতিবাদ করলে প্রভাবশালী পরিবহন ব্যবসায়ীদের হাতে লাঞ্ছনার শিকার হতে হয়। বাসের হেল্পার, টিকিট মাস্টার কর্তৃক করা হয় মারধর-হয়রানি। বারবার এসব বিষয়ে অভিযোগ করেও প্রতিকার মিলছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে কিশোরগঞ্জের দূরত্ব কম-বেশি ১২০-১২৫ কিলোমিটার। অনন্যা পরিবহন /ক্লাসিক/সুপারসহ অন্যান্য বাসগুলোতে ভাড়া নিচ্ছে ৩৫০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়াচ্ছে ৩ টাকা। সরকারের ঘোষণা অনুযায়ী দূরপাল্লার বাসের কিলোমিটার প্রতি ভাড়া হবে ২.২০ টাকা। সুতরাং প্রতি কিলোমিটারে বেশি ভাড়া নিচ্ছে প্রায় ১ টাকা। অর্থাৎ যাত্রী প্রতি প্রায় ১ টাকা বেশি। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

Advertisement

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী অনন্যা, অনন্যা পরিবহন, অনন্যা সুপার ও অনন্যা ক্লাসিক এবং যাতায়াত ও কটিয়াদী থেকে জলসিঁড়ি এক্সপ্রেস এছাড়াও করিমগঞ্জের চামটা বন্দর থেকে উজানভাটি পরিবহনসহ প্রায় শতাধিক বাস কাপাসিয়া হয়ে মহাখালী পর্যন্ত চলাচল করে।

এ পথে প্রায়ই ব্যক্তিগত প্রয়োজনে যাতায়াত করেন রাফি আহমেদ। তিনি বলেন, অনন্যা ক্লাসিক পরিবহনে তাকে কিশোরগঞ্জ থেকে ঢাকা মহাখালির জন্য ভাড়া দিতে হয় ৩৫০ টাকা। আবার এয়ারপোর্ট নামলে দিতে হয় ৩৩০ টাকা। বাসের ভাড়া আরো কম হওয়ার কথা। 

মো. আলী হোসেনের বাড়ি কিশোরগঞ্জ সদরে। তিনি বলেন, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে কিশোরগঞ্জ শহরের দূরত্ব ১২৫ কিলোমিটার। এ পথের জন্য অনন্যা পরিবহনে ৩৫০ টাকা ভাড়া আদায় করা হয়। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের বাসগুলোয় ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে বলে অভিযোগ তার। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত আগস্টের প্রথম সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ আগস্ট থেকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

জানা গেছে, ভাড়ার নতুন হার শুধু ডিজেলচালিত বাসের জন্য। সিএনজিচালিত বাসের ভাড়া এক পয়সাও বাড়ানো যাবে না। তবে কিশোরগঞ্জ থেকে কাপাসিয়া হয়ে ঢাকা চলাচলকারী ঐসব পরিবহন কোম্পানি এর তোয়াক্কাই করছে না।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক জানান, ভাড়া বেশি নেয়া হচ্ছে না সরকার নির্ধারিত মূল্যেই ভাড়া নেয়া হচ্ছে। বরং কয়েক টাকা ভাড়া কম নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!