ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এনআইসিইউতে শিশুর মৃত্যু: স্বজনদের হামলায় আইসিইউতে চিকিৎসক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২২, ১৫ এপ্রিল ২০২৪
এনআইসিইউতে শিশুর মৃত্যু: স্বজনদের হামলায় আইসিইউতে চিকিৎসক
ফাইল ছবি

চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে ভর্তি হয় এক শিশু। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনার পর চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে বেধড়ক মারধর করেছেন শিশুটির স্বজনরা।

এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ওই চিকিৎসক। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল এ ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, গত শনিবার রাতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে ভর্তি হয় এক শিশু। পরদিন সকালে শিশুটি মারা যায়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবা সুমনসহ তার স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান চিকিৎসক রিয়াজ।

চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার ডা. মো. ইয়াসিন আরাফাত বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে শনিবার রাতে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটি মারা গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালান তার স্বজনরা। আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো জানান, আমরা বিষয়টি বিএমএ নেতাদের জানিয়েছি। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!