ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩, দু’জনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১২ এপ্রিল ২০২৪
নদীতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩, দু’জনের মরদেহ উদ্ধার
দু’জনের মরদেহ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকার পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ নিখোঁজ তিনজনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

উদ্ধারকৃতরা হলেন- রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও মোহাম্মদ জুয়েল (৪০)। তবে মৃত রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আরিদকে (১৬) এখনো উদ্ধার করা যায়নি। এ ঘটনায় মৃত মোহাম্মদ জুয়েল রানা ঢাকা ব্যাংকের গুলসান শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল। এর আগে, এদিন বিকেলে নদীতে গোসলে নেমে তারা নিখোঁজ হন।

Advertisement

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, তারা ঐ উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। পরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়ে বেশ কয়েকজন গোসল করতে নামেন। পরে বাবা-ছেলেসহ তিনজন নদীর স্রোতের তোড়ে ভেসে যান।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ-পুলিশ। পরে উদ্ধার অভিযানে দু’জনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে দু’জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল। আরো একজনের মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

মুন্সীগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহ নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম কাজ করছে। এ ঘটনার পরবর্তী ববস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!