ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অকটেনের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ৯ এপ্রিল ২০২৪
অকটেনের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা বাজারে অগ্নিকাণ্ডে অকটেনের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এক দোকান মালিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইয়াংছা বাজারে একটি অকটেনের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, ইয়াংছা বাজারে এনায়েত হোসেনের অকটেন ও তেলের দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দোকানে আগুন লেগে অকটেনের ড্রাম বিস্ফোরিত হয়ে দ্রুত বাজারে অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Advertisement

স্থানীয় ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. নুরুল হোসাইন বলেন, বাজারে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় কেউ কাছে যেতে পারেনি। দোকানে থাকা তেলের ট্যাঙ্ক, গ্যাস সিলিন্ডার ও অকটেনের ড্রাম ফেটে গিয়ে আগুন লাগার কারণে দ্রুত তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া ১০টি দোকান মিলে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। আগুনের ঘটনায় জ্বালানি তেলের দোকানদার এনায়েত হোসেন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লামা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ঘটনার ২০ মিনিটের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এক দোকান মালিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!