জানা গেছে, দুপুরে সদর উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহেন্দ্র থ্রি হুইলারের তিন যাত্রী নিহত হন। তারা তিনজনই একই পরিবারের।
নিহতরা হলেন- লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ (২৫) ও শিশু সন্তান মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাকি দুইজন মারা যান। আহত অবস্থায় আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মাঈন উদ্দিন জানান, নিহতরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী ভালুকার মাস্টার বাড়ি এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে সন্তানসহ তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এদিকে, ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘মাদানি সিএনজি পাম্পে’র সামনে একটি যাত্রীবাহী পিকআপ ইউটার্ন নেয়ার সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন মারা যান। এদের মধ্যে মারুফের (১৮) বাড়ি ঈশ্বরগঞ্জ এবং আপেল মিয়ার (৩০) বাড়ি নান্দাইল উপজেলায়।
এছাড়াও ত্রিশালের বালিপাড়ায় ত্রিশাল-নান্দাইল সড়কে আরেকটি দুর্ঘটনায় বাসের ধাক্কায় ২ অটোযাত্রীর মারা যান। এদের একজন নাসিমা। তার বাড়ি একই উপজেলার কাজিরকান্দা গ্রামে এবং অপরজনের পরিচয় জানতে কাজ চলছে বলে জানান ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া।
অপরদিকে, একই দিন সকালে তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় আবুল বাশার (৬০) নামে এক পথচারীর মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তারাকান্দার থানার ওসি ওয়াজেদ আলী।