ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোয়া ৬ ঘণ্টা পর খুলনার জুটমিলের আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৫, ৩ এপ্রিল ২০২৪
সোয়া ৬ ঘণ্টা পর খুলনার জুটমিলের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

সোয়া ৬ ঘণ্টার পর খুলনার রূপসা উপজেলার সালাম জুটমিলের পাটগুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। বুধবার রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে জাবুসা চৌরাস্তা মোড় এলাকায় অবস্থিত সালাম জুটমিলের ৩ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

Advertisement

এলাকাবাসী জানান, বিকেলে সালাম জুট মিলের ৩ নম্বর গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দুটি গুদামে ছড়িয়ে পড়ে। এসময় গুদামে কর্মরত শ্রমিকরা আত্মরক্ষার্থে গুদাম থেকে বের হয়ে আসেন।

প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ জানান, ৩ নম্বর গুদামে অবস্থিত একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে ১ ও ২ নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।

জুট মিলের মালিক এমএমএ সালাম জানান, আগুনে প্রায় ৭৫০ টন রফতানি উপযোগী পাটজাত পণ্য, প্রায় ৩৫ হাজার মণ কাঁচা পাট এবং মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স তার ৫০ কোটি টাকার ইন্স্যুরেন্স করা ছিল।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে। তবে প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় তিনি মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পাশাপাশি যোগ দেয় নৌবাহিনী। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!