ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ মাসেই কোরআনে হাফেজ ছোট্ট তাহসিন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:০০, ২ এপ্রিল ২০২৪
পাঁচ মাসেই কোরআনে হাফেজ ছোট্ট তাহসিন
ছবি: ডেইলি বাংলাদেশ

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদরাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। নয় বছর বয়সী তাহসিন নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হতে এই মাদরাসায় ভর্তি হয়।

সোমবার (১ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনাপাড়ার ইমাম হোসেনের ছেলে।

কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া পেয়েছেন বলে জানান তাহসিন। তাহসিন বলেন, ‘আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমিন আমিও দিন এবং রাতে পড়েছি। যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি।’

Advertisement

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ রহমতে ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরাআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরো বড় আলেম হতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চাই।’

মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদরাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, এই ছাত্র যেন একজন ভালো আলেম হতে পারে। একইসঙ্গে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!