ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে গলা টিপে হত্যাচেষ্টা, ২ ছেলে কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৪, ১ এপ্রিল ২০২৪
মাকে গলা টিপে হত্যাচেষ্টা, ২ ছেলে কারাগারে
গ্রেফতার দুই ভাই। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে গর্ভধারিণী মাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় দুই সন্তানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞাঁর আদালত তাদের কারাগারে পাঠান।

কারাগারে যাওয়া দুজন হলেন- রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের সৃজিত কুমার বড়ুয়ার দুই ছেলে সুমন বড়ুয়া ও অনুপম বড়ুয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মারধর ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে গত ৩ ডিসেম্বর দুই সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা মিনু রানী বড়ুয়া। মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

Advertisement

গত ১১ ফেব্রুয়ারি অভিযুক্তরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করলে বিচারপতি তাদের চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার শর্তে আগাম জামিন প্রদান করেন। 

আদালত সূত্রে জানা যায়, মিনু রানী বড়ুয়ার স্বামী সৃজিত কুমার বড়ুয়া একটি সিএন্ডএফ এজেন্টের মালিক ছিলেন। জীবিত থাকাকালে তিনি স্ত্রী ও নিজের নামে চট্টগ্রাম নগরের লালখান বাজারসহ বিভিন্ন জায়গায় বাড়ি এবং সম্পত্তি ক্রয় করেন। সৃজিত কুমার বড়ুয়া বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করেন। সেসব নির্মাণাধীন অবস্থায় তিনি মারা যান। 

স্বামীর মৃত্যুর পর সম্পত্তিগুলো বিক্রি করে টাকা দেওয়ার জন্য মিনু রানী বড়ুয়াকে চাপ দিতে থাকেন সন্তানরা। কিন্তু স্বামীর স্বপ্নপূরণের জন্য সম্পত্তি বিক্রিতে অস্বীকৃতি জানান মিনু রানী বড়ুয়া। ফলে একপর্যায়ে তাকে মারধর ও গলা টিপে দু’বার হত্যার চেষ্টা চালান সন্তানরা। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!