শুক্রবার (২৯ মার্চ) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত এই জাহাজ দেখা যায়। পরে তা অন্যত্র সরে যায়। একইসঙ্গে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় টেকনাফ ও সেন্টমার্টিনে।
সীমান্তবর্তী এলাকার লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেছিল। কিন্তু বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরপর ১০টির বেশি বিকট শব্দ ভেসে এসেছে।
.png)
টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান জানান, গতকাল (২৮ মার্চ) থেকে গোলাগুলি ও মর্টারশেলের বিস্ফোরণ কিছুটা কম ছিল। শুক্রবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদের ওপারে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ দেখা যায়। এটি চলে যাওয়ার পর থেকে বিস্ফোরণের শব্দ বেড়েছে।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, গোলাগুলি বা মর্টারশেলের বিস্ফোরণের শব্দ বৃহস্পতিবার তেমন ছিল না। তবে শুক্রবার ৩টার দিকে পরপর কয়েকটি শব্দ শোনা যায়।
সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে গোলার বিকট শব্দে কাঁপছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শুক্রবার দুপুরের পর থেকে থেমে থেমে গোলার বিকট শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন দ্বীপের মানুষ।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, গত কয়েকদিন হ্নীলা ও মিয়ানমারের সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার একদিন কিছুটা শান্ত থাকলেও শুক্রবার দুপুরের পর থেকে তীব্র বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।
সীমান্তের পরিস্থিতির কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদে ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।