মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নারী রিনা আক্তার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার চেয়ারম্যান ঘাটা এলাকার আবু নাছেরের স্ত্রী। রাতেই নিহত নারীর স্বামী আবু নাছেরসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান।
.png)
তিনি জানান, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় নিজ বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে বিছানায় গলা কাটা অবস্থায় এক নারীর লাশ পড়ে ছিল। লাশের পাশ থেকে উদ্ধার করা হয় একটি রক্তাক্ত দা।
জানা যায়, ঘরের দরজা খোলা ছিল আর আলমারি ভেঙে লুট করা হয়েছে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। তবে পুলিশের দাবি, এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, গলা কেটে নারীকে হত্যার ঘটনা শুনে দ্রুত ওই বাড়িতে গিয়ে দেখি বিছানায় নারীর লাশ পড়ে রয়েছে, গলায় একটি ওড়না রয়েছে এবং মুখ রক্তাক্ত।
স্থানীয় নুরুল হক চকোরি বলেন, নারীর স্বামী আবু নাছের তারাবির নামাজ পড়ে বাসায় এসে দেখতে পান দরজা খোলা। আর বিছানায় রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী লাশ পড়ে রয়েছে। একই সঙ্গে আলমারি ও লকার সব ভাঙা ছিল এবং ওখানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিল না।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, ঘরের দরজা জানালা খোলা ছিল তা ঠিক। তবে আলমারি ও লকার ভাঙা এবং স্বর্ণালঙ্কার বা নগদ টাকা লুটের বিষয়ে কিছু জানা যায়নি । এই ঘটনার ব্যাপারে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।