দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন। নিহত আয়চান মন্ডল উপজেলার ধারাবারিষা ইউপির দাদুয়া গ্রামের পেয়ার মন্ডলের ছেলে।
আহতরা হলেন উপজেলার একই ইউপির চলনালী গ্রামের ইসার স্ত্রী পরী বেগম, খাকড়াদহ পুর্বপাড়া গ্রামের জসিমের ছেলে অটোরিকশার চালক আব্দুর রহিম এবং বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামের জইমুদ্দিনের ছেলে মো. লালন।
.png)
জানা গেছে, বুধবার সকালে নয়াবাজার থেকে তিনজন যাত্রী অটোরিকশায় গুরুদাসপুরে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ নয়াবাজার রোড হয়ে গুরুদাসপুরে ফিরছিল। এতে পিকআপ ঘোষপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আয়চান মন্ডল নামে এক যাত্রীর মৃত্যু হয়।
ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।