শুক্রবার সকাল ৯টার দিকে ইদ্রিস আলী মাদবর পলিটেক ইনস্টিটিউট সড়কে স্টলে স্টলে সাজানো হয় ইফতারের পণ্য সামগ্রী।
এই রোজায় ৫ টাকার বিনিময়ে এক কেজি করে মুড়ি, ছোলা, চিনি, সয়াবিন, খেঁজুর, ডাল ও পেঁয়াজ কিনে নেন নারী-পুরুষরা। ২০০ পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি পণ্য সামগ্রী কিনে নিয়েছেন।
.png)
৫ টাকায় ৭ রকমের ইফতার পণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শহরের উত্তর ইসলামপুর এলাকার মো. মাসুদ। তিনি বলেন, এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। সারাদিন রোজা রাখার পর আমার মতো অনেকের বাড়িতে চিনির অভাবে মেলে না শরবত। টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা খেঁজুর। এখন ৫ টাকায় ইফতার কিনতে পেরে বেশ ভালো লাগছে।
নয়াগাঁও গ্রামের ৭০ বছর বয়সের পানপতি বেগম বলেন, ৫ টাকায় অনেক কিছু পেয়েছি। জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পেলাম।
আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিত খান বলেন, এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করা হয়। সমাজের নিম্নআয়ের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরো বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবার রোজায় ২০০ পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন ছিল।