ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিজয় এক্সপ্রেসের বগি পুরোপুরি উদ্ধারে লাগতে পারে দুয়েকদিন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ১৮ মার্চ ২০২৪
বিজয় এক্সপ্রেসের বগি পুরোপুরি উদ্ধারে লাগতে পারে দুয়েকদিন
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হওয়া বিজয় এক্সপ্রেস পুরোপুরি উদ্ধারে দুয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম। 

সোমবার (১৮ মার্চ) ভোরে এ তথ্য জানান তিনি। এর আগে, ভোররাত ৪টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনকে উপযুক্ত ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা চেষ্টার পর ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো টেনে লাইন থেকে সরানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার কাজ শেষ হতে দুয়েকদিন সময় লাগতে পারে। তবে আপাতত ডাউন লাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার উপযোগী করা হয়েছে। দুই লাইনের ট্রেনই ডাউন লাইন দিয়ে চলাচল করবে। আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। নতুন করে লাইন তৈরি করা লাগতে পারে। কবে নাগাদ তা ঠিক করা হতে পারে তা নির্দিষ্ট করে বলা দায়।

প্রসঙ্গত, রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারাদেশের সঙ্গে চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।

অপরদিকে, এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!