ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭, ১৮ মার্চ ২০২৪
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে পৃথক স্থানে পুকুরে ডুবে পিংকী আক্তার (৫) ও লাভলী আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার চর সোনাপুর ও চর চান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু পিংকি উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূইয়া বাজার এলাকার নুরুল আফসারের ও লাভলী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর এলাকার প্রবাসী শাহ আলমের মেয়ে।

দুই শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে ওই দুই শিশুর মায়েরা পারিবারিক কাজে ঘরে ব্যস্ত ছিলেন। শিশুরা ঘরের সামনে বাড়ির উঠানে অন্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলা করছিল। এসময় খেলতে খেলতে ঘরের পাশে পুকুরে গোসল করতে চলে যায় তারা। অনেকক্ষণ তাদের না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন স্বজনরা। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘরের পাশের পুকুরে যান। পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

চর সোনাপুর এলাকার ইউপি সদস্য আবদুল্লাহ আল নোমান জানান, লাভলী আক্তার তার ভাতিজি। তার বাবা বিদেশে থাকেন। মা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটি দুপুরে হঠাৎ করে বাড়ির অন্য ছেলে-মেয়েদের সঙ্গে গোসল করতে পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানিতে ডুবে শিশুর মৃত্যুরোধে সবাইকে সচেতন হতে হবে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!