ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুট, নারীসহ গ্রেফতার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ১৫ মার্চ ২০২৪
প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুট, নারীসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে শাকিল মিয়া (২১), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার (২৫), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ (২৪) ও সিঙ্গারকৃল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ (১৮)।

Advertisement

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মনের সঙ্গে প্রতারক চক্রের সদস্য মাবিয়ার সঙ্গে পরিচয় ঘটে। এরপর মোবাইলে তাদের মধ্যে নিয়মিত কথোপকথন চলতে থাকে। বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেন মাবিয়া। পরে পিকিং বর্মন দেখা করতে গোপালগঞ্জে আসেন। সেখানে প্রেমের ফাঁদে ফেলে তাকে জিম্মি করে কাছে থাকা মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন প্রতারক চক্রের সদস্যরা।

এ ঘটনায় ভুক্তভোগী পিকিং বর্মন প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার গভীর রাতে বোড়াশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল মিয়া, বিল্লাল শিকদার, বাধন শেখ ও মাবিয়া শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কেউ এমন প্রতারণার শিকার হলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!