ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শরীয়তপুরে কাভার্ডভ্যান-নছিমনের সংঘর্ষ, নিহত ১ 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ১২ মার্চ ২০২৪
শরীয়তপুরে কাভার্ডভ্যান-নছিমনের সংঘর্ষ, নিহত ১ 
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের রুদ্রকরে কাভার্ডভ্যান ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে লোকমান শেখ (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৬ টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউপির আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লোকমান শেখ উপজেলার রুদ্রকর ইউপির হোগলা মাকসাহার এলাকার মনব শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

জানা যায়, উপজেলার রুদ্রকর ইউপির হোগলা মাকসাহার এলাকার লোকমান শেখ নির্মাণ শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে আসছেন। মঙ্গলবার সকালে তিনিসহ সাতজন শ্রমিক কাজের উদ্দেশ্যে নছিমনে করে হোগলা মাকসাহার থেকে মনোহর বাজারের দিকে যাচ্ছিলেন। তারা আমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি ছিটকে খালে পড়ে যায় এবং লোকমান সড়কে পড়ে গেলে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।  

নিহত লোকমান শেখের ভাই মো. হান্নান বলেন, আমার ভাই একাই সংসারটি চালায়। তার দুটি সন্তান ও স্ত্রী রয়েছে। ভোরে রোজা থেকে কাজে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন। 

স্থানীয় বাসিন্দা মো. ফারুক বলেন, তারা নছিমনে করে মনোহর বাজারের দিকে কাজে যাচ্ছিলো। উল্টো পাশ থেকে আসা একটি বড় কাভার্ডভ্যান নছিমনটিকে মেরে দেয়। নিচে পড়ে লোকমান মারা যান।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শরীয়তপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!