ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ১২ দালাল গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০১:২২, ৮ মার্চ ২০২৪
রামেক হাসপাতালে ১২ দালাল গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ থেকে ১২ জন দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। অপর অভিযানে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ১ লাখ টাকা জরিমানা ছাড়াও সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রামেক হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Advertisement

সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সপাইপাড়ার মৃত আব্দুর রহিম জামাল হোসেন (৪০), লক্ষীপুরের মৃত ইব্রাহিম খলিলের সাবজাল হক (৫২), বহরমপুরের রফিকুল ইসলামের ছেলে মোতাসসিম রুপক (৩২), বগুড়ার আদমদীঘির চাঁপাপুরের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে রনি শেখ (২৫), নাচোলের মুরগিডাঙ্গার আবুল কালাম আজাদের ছেলে শাহিন আলম পিয়াস (২৪), নগরীর হোসনীগঞ্জ নিমরোজ আলীর ছেলে রাজন আলীকে (৩৫)।

এছাড়া সিপাইপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সজলকে (৪২) চারদিন, একই এলাকার মৈরুদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল জলিল (৫৫), কাঁঠালবাড়িয়া এলাকার সামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন অপুকে (৩২) চারদিন, কেশবপুরের মৃত লিটনের ছেলে মুরসালিনকে (২৪) পাঁচদিনের, ডাঁশপুকুরের মৃত হাবিবুর রহমানের ছেলে আহমদ আলীকে (৩০) তিনদিনের, নিয়ামপুরের আকেজীগঞ্জের আমিরুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৪) তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশপাশের এলাকায় অবস্থান করে সাধারণ মানুষকে নিজেদের হাসপাতাল এবং ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করেন। রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেন। রাজশাহী মেডিকেলে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার আশায় রোগীর স্বজনদের নিকট হতে টাকা হাতিয়ে নেন। সরকারি অ্যাম্বুলেন্সে যাতায়াত করিয়ে দেওয়ার কথা বলে রোগীর স্বজনদের নিকট হতে বিভিন্ন অঙ্কের টাকা নেন। এছাড়াও বিভিন্নভাবে রোগীদের হয়রানিমূলক কর্মকাণ্ডসহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেন।

এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, রাজশাহী কিডনি ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সানবিম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আসামিদের রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!