ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঙ্গু নদীর গর্তে স্যান্ডেল, জাল দিয়ে তোলা হলো আপন ২ ভাইয়ের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৩, ৫ মার্চ ২০২৪
সাঙ্গু নদীর গর্তে স্যান্ডেল, জাল দিয়ে তোলা হলো আপন ২ ভাইয়ের মরদেহ
নিহত মিশকাত ও মিজবাহ- ফাইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায় এবং বিকেলে লাশ উদ্ধার করে।

নিহত কামরুল হাসান মিশকাত ও ওমর ফারুক মিজবাহ সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালি নগরের কুয়েত প্রবাসী আবদুল মোনাফের ছেলে।

পুরানগড় ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার জানান, কামরুল হাসান মিশকাত ও ওমর ফারুক মিজবাহসহ কয়েকজন শিশু প্রতিদিনের মতো সাঙ্গু নদীতে গোসল করতে যায়। এ সময় মিশকাত ও মিজবাহ নদীর পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা মিশকাতদের বাসায় গিয়ে বিষয়টি জানায়। কিন্তু তাদের পরিবারের সদস্যরা মনে করেছে শিশুরা দুষ্টুমি করছে। পরবর্তীতে মিশকাত ও মিজবাহ দীর্ঘক্ষণ পরও ঘরে ফিরে না আসায় চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সাঙ্গু নদীর একটি গর্তে ভাসমান অবস্থায় তারা দুই ভাইয়ের স্যান্ডেল দেখতে পায়। এরপর নদীতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে। পরে জেলেদের জাল দিয়ে আলাদাভাবে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।

Advertisement

ইউপি চেয়ারম্যান আরো জানান, সংঘবদ্ধ বালু খেকো চক্র দীর্ঘদিন যাবৎ সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। পুরানগড়ের কালি নগর এলাকায়ও তারা বালু উত্তোলন করেছে। তাদের বালু উত্তোলনের ফলে নদীতে সৃষ্ট গভীর গর্তে তলিয়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, সাঙ্গু নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করবে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে কোনো গর্ত সৃষ্টি হয়েছে কিনা, ঐ ধরনের কোনো গর্তে পড়ে মৃত্যু হয়েছে কিনা তদন্ত করে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!