ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ফেসবুকে কমেন্ট করা নিয়ে বিরোধ 

রাতে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
রাতে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 
নিহত মোহাম্মদ আকাশ

যশোরে মোহাম্মদ আকাশ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আকাশ একই এলাকার তোতা মিয়ার ছেলে। 

নিহতের স্ত্রী বলেন, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তানভির আমার স্বামীকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেয়। রাতে তাকে ফোন করে ডেকে নিয়ে সাব্বির ও তানভিরসহ ১০-১২ জন তাকে মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

Advertisement

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!