ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে দুই ভাই আহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪
জামালপুরে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে দুই ভাই আহত
প্রতীকী ছবি

জামালপুরে পূর্ব শত্রুতার জেরে আবু সাঈদ শান্ত নামে এক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে পারভেজ হাসান ও এমএ তাহের রহমান নামে দুই ভাই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঐ ছাত্রদল নেতা ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

আহত পারভেজ হাসান ও এমএ তাহের রহমান ঘোড়াধাপ ইউনিয়নের কটারবাড়ী এলাকার সাইদুর রহমানের ছেলে।

Advertisement

জানা গেছে, আহত পারভেজ হাসানের সঙ্গে ছাত্রদল নেতা আবু সাঈদ শান্তর পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী এমএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণের আয়োজন করা হয়। সেখানে ঘোড়াধাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শান্তর নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আহত পারভেজ হাসানকে তারা সেখানে দেখতে পান। পরে পারভেজের সঙ্গে ছাত্রদল নেতা আবু সাঈদ শান্তর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আবু সাঈদ শান্ত উত্তেজিত হয়ে পারভেজ হাসানের ওপর হামলা করেন। পারভেজের ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমএ তাহের রহমান হামলায় বাধা দিতে গেলে পারভেজ ও তাহেরকে ছুরিকাঘাতে আহত করেন ছাত্রদল নেতা আবু সাঈদ শান্ত। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে যান। তবে, পারভেজ গুরুতর আহত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!