ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জিন তাড়ানোর নামে ৭ বছরের শিশুকে পিটিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৪
জিন তাড়ানোর নামে ৭ বছরের শিশুকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

ভোলার চরফ্যাশনে জিন তাড়ানোর নামে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কবিরাজ তাসলিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সাত বছর বয়সী ওমর ফারুক উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কামাল খাঁর ছেলে। গ্রেফতারকৃত তাসলিমা বেগম রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার হাওলাদারের স্ত্রী।

নিহত ওমর ফারুকের বাবা কামাল খাঁ বলেন, ওমর ফারুক কয়েকদিন ধরে অসুস্থ ছিল। সে আবোলতাবোল কথা বলত। স্থানীয় চিকিৎসকের কাছে নিলেও ফারুকের কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার কবিরাজ তাসলিমা বেগমের কাছে ওমর ফারুককে নিয়ে যাই। ছেলেকে দেখে কবিরাজ জানায় তার সঙ্গে জিন রয়েছে, এ জন্য সে আবোলতাবোল কথা বলছে। তার শরীর থেকে জিন তাড়াতে হবে। এরপর একটি অন্ধকার রুমের মধ্যে ওমর ফারুককে একা নিয়ে যাওয়া হয়। আমরা ঘরের বাহিরে বসেছিলাম। 

Advertisement

এরপর ঘণ্টাব্যাপী কবিরাজ তাসলিমা বেগম অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে আটকে জিন তাড়ানোর নামে বেধড়ক মারধর করে। তখন কবিরাজের নির্যাতনে ছেলে চিৎকার শুরু করে। একপর্যায়ে কবিরাজ আমার ছেলের বুকের ওপর পা ও গলায় হাত দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই মারা যায় আমার ছেলে।

শশীভূষণ থানার ওসি এনামুল হক বলেন, শিশুটির শরীর থেকে জিন তাড়ানোর নামে কবিরাজ শিশুটিকে নির্মম নির্যাতন করে মেরে ফেলেছে। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার মামলায় কবিরাজ তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: জিন ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!