মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জেলেরা মেঘনা নদী থেকে সেলিম মাঝির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি মো. সাইয়েদ হোসেন।
.png)
স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢালচর ইউনিয়নের বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান সেলিম মাঝি ও তার ৯ বছর বয়সী ছেলে মিরাজ হোসেন। নদী থেকে জাল টানতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় মিরাজ। তখন ছেলেকে বাঁচাতে বাবাও নদীতে ঝাঁপ দেন। তবে বাবার শরীর নদীতে থাকা জালের সঙ্গে পেঁচিয়ে যায়। এ কারণে তিনি নৌকায় উঠতে পারেননি। মঙ্গলবার বিকেলে স্থানীয় অন্য জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে দেখেন সেলিম মাঝির নৌকাটি নদীতে ভাসছে। নৌকাতে কেউ নেই। একপর্যায়ে দেখা যায় যে নদীতে ফেলে রাখা জালের সঙ্গে সেলিম মাঝির মরদেহ পেঁচানো।
ওসি মো. সাইয়েদ হোসেন জানান, সেলিম মাঝির নৌকাটি একটি ছোট ডিঙি নৌকা। তারা বাবা-ছেলে নৌকাটি নিয়ে নিয়মিত মাছ ধরত। ছেলে নদীতে পড়ে যাওয়ায় বাবা ছেলেকে বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েন। এ কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। বাবা সেলিম মাঝির মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ছেলে।