ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালককে সড়কে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশা ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
চালককে সড়কে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশা ছিনতাই
ফাইল ছবি

লক্ষ্মীপুরে পিয়াস হোসেন নামে এক অটোরিকশা চালককে সড়কে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। ভুক্তভোগী কিশোর পিয়াস সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের নজু হাজি বাড়ির মৃত ইসলাম হোসেনের ছেলে।

রোববার রাত ১০টার দিকে অটোরিকশা উদ্ধারের জন্য সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন পিয়াসের মা পিয়ারা বেগম।

Advertisement

এর আগে, গত শনিবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন পিয়াস। অটোরিকশা নিয়ে শহরের মক্কা মসজিদ এলাকায় আসলে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি যাত্রীবেশে সেই অটোরিকশায় উঠেন। তিনি বাগ বাড়ি এলাকায় যাবেন। কিছুক্ষণ পর ঝুমুর ট্রাফিক চত্বর থেকে আরেক ব্যক্তি অটোরিকশায় উঠেন, তিনিও বাগ বাড়ি যাবেন। কিন্তু তারা বাগ বাড়িতে না নেমে পিয়াসকে বলেন আমরা আর একটু ভেতরে যাব। এ কথা বলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পিয়াসকে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের আঠিয়া বাজার এলাকায় নিয়ে (চালক) চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে অভিযুক্ত ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

পিয়াসের মা পিয়ারা বেগম বলেন, পিয়াসকে একটি অটোরিকশা কিস্তিতে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে কিনে দেন। সেই অটোরিকশা ছিনতাইকারীরা নিয়ে গেছেন। থানায় অভিযোগ করা হয়েছে। কীভাবে তিনি ঋণের টাকা শোধ করবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!