ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালোবাসা দিবসে ওসির ব্যতিক্রমী আয়োজন

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
প্রকাশিত: ১৭:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসা দিবসে ওসির ব্যতিক্রমী আয়োজন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। ফুল হাতে চৌগাছা পৌর শহরের ভাস্কর্যের মোড়ে দাঁড়িয়ে ওসি ইকবাল বাহার চৌধূরীসহ থানার সব পুলিশ সদস্যরা। পৌর শহরে আগত সব শ্রেণি-পেশার মানুষদের জানানো হচ্ছে ফুলেল অভ্যর্থনা। একই সময়ে থানায় সেবাপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থানায় প্রবেশ করতেই তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। থানার ভেতরে গেলে তাদের চা ও চকলেট দিয়ে আপ্যায়ন করানো হয়।

মঙ্গলবার বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে এটি ছিল চৌগাছা থানার চিত্র। পুলিশের এমন উদ্যোগে মুগ্ধ সেবাপ্রার্থী ও অন্যান্য পেশার মানুষরা।

থানার ওসি জানিয়েছেন, ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে বিশেষ করে সাধারণ জনগণ ও সেবাপ্রার্থীদের পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ-জনতার দূরত্ব কমাতেই এ উদ্যোগ নেয়া হয়।

Advertisement

উপজেলার পেটভরা গ্রামের আশিকুল ইসলাম মিথুন (২৩) নামে এক যুবক থানায় গিয়ে চমকে যান। তিনি জানান, আমার একটি বেসরকারি ব্যাংকের চেক বই হারিয়ে গেছে। এ কারণে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছি। থানায় সেবা নিতে পুলিশ কোনো টাকা নেয়নি বরং ফুল দিয়ে বরণ ও চকলেট দিয়ে আপ্যায়ন করেছে।

এছাড়া জগদীশপুর ইউনিয়নের প্রায় পঞ্চাশোর্ধ্ব হোসনে আরা বেগম তার বিকাশের টাকা অন্য মোবাইলে চলে গেছে এ সংক্রান্ত একটি অভিযোগ থানায় দিতে এসেছেন। তিনিও থানার ডিউটি অফিসারের কার্যক্রমে মুগ্ধ হয়ে বলেন, থানায় ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। আমাকে তিনি (ডিউটি অফিসার) চেয়ারে বসালেন এবং চা খাওয়ালেন। পরে কথা শুনলেন এবং কাজ শেষে সুন্দরভাবে বিদায় জানালেন।

এ প্রসঙ্গে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ভালোবাসা দিবস ও বসন্তবরণকে সামনে রেখে পুলিশ সম্পর্কে মানুষের মনের ভেতরে ভালোবাসার আশ্রয়স্থল তৈরি করতে চাই। তাই এ আয়োজনে পৌর শহরের সব শ্রেণি-পেশার মানুষ ও থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকে ফুল ও চকলেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পুলিশকে আরো জনবান্ধব করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!