ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকের বিরুদ্ধে বাবা-মায়ের মামলা, বিষপান করে হাসপাতালে প্রেমিকা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪
প্রেমিকের বিরুদ্ধে বাবা-মায়ের মামলা, বিষপান করে হাসপাতালে প্রেমিকা
ফাইল ফটো

রাজশাহীতে প্রেমিকের নামে বাবা-মায়ের অপহরণ মামলা করতে দেখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক তরুণী। রোববার বিকেলে জেলার তানোর থানার বাথরুমে পরিবার ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিষপান করে ঐ তরুণী। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, তানোর পৌর এলাকার বাসিন্দা ঐ তরুণী সনাতন ধর্মের অনুসারী। সে এসএসসি পরীক্ষার্থী। তানোর উপজেলার বনকেশর গ্রামের আলামিন নামের এক যুবকের সঙ্গে সামাজিক  যোগাযোগমাধ্যমে ঐ তরুণী প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলামিন বিবাহিত ও এক সন্তানের বাবা।

গত শুক্রবার রাতে আলামিন ও ঐ কিশোরী পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আলামিন ও কিশোরীকে আটক করে রোববার তানোর থানায় নিয়ে আসে। তরুণীর বাবা-মাও থানায় আসেন। পরে আলামিনের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতিকালে ঐ কিশোরী কৌশলে থানার বাথরুমে গিয়ে বিষপান করে। এর আগে, আলামিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না বলে থানাতেই হট্টগোল করে ঐ তরুণী।

Advertisement

এ বিষয়ে তানোর থানার এসআই আল ইমরান বলেন, ঢাকা থেকে নিয়ে আসার পরপরই পরিবারও থানায় আসে। পরিবারের জিম্মায় ঐ কিশোরীকে দেওয়া হয়। এরমধ্যে তার বাবা-মা অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সে বাথরুমে যেতে চাইলে মহিলা পুলিশ তাকে নিয়ে যায়। এরমধ্যেই সে বিষপান করে। তার কাছে বিষ আগে থেকেই লুকানো ছিল। বর্তমানে সে রামেক হাসপাতালে আছে। খোঁজ নেয়া হয়েছে, সে সুস্থ আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!