ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সিলেটে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মো. তারেক আহমদ মোহন (২৫)  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দিতে বাদাঘাট-বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

 নিহত তারেক জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকচালক আবুল হোসেনকে আটক করে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক আহমদ রোববার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাজে নতুনবাজার খেয়াঘাট এলাকার চামাউরাকান্দি যান। ঘটনার সময় বাদাঘাট-বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি এবং সড়ক দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। এসময় বাদাঘাটের দিক থেকে বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক আসতে দেখে ট্রাকচালককে হাত দিয়ে ধীরে যেতে ইশারা দেন। কিন্তু ট্রাকচালক গতি না কমিয়ে উল্টো সোজা তার উপর দিয়েই গাড়িটি চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তারেক মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!