শনিবার রাতে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে এসে ভেড়ে। এরপর রাত থেকেই পণ্য খালাস শুরু হয়।
বিদেশি জাহাজ ‘এমভি এসটি সোফিয়া’র স্থানীয় শিপিং এজেন্ট ‘মেসার্স ইন্টার পোর্ট লি.’ কর্তৃপক্ষ জানায়, জাহাজটি গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্টপির্সবার্গ বন্দর থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে রওনা হয়। এবার ৫৮তম চালানে দুই হাজার ৪৭৮টি প্যাকেজে এক হাজার ৬৮১ দশমিক ৬১৫ মেট্রিক টন রাশিয়ান বিভিন্ন মেশিনারিজ পণ্য এসেছে।
.png)
বন্দর জেটিতে নোঙরের পর জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করে মেসার্স অভিরত এজেন্সির প্রতিনিধিরা। পণ্য খালাস করতে তিন থেকে চারদিন সময় লাগবে বলে জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ। পণ্য খালাসের পর সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।
এ বিষয়ে অভিরত এজেন্সির জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম মিলন জানান, মোংলা বন্দর দিয়ে দেশের বড় বড় মেগা প্রকল্পের অধিকাংশ মালামাল খালাস হয়েছে। এখানে জাহাজ জট বা কোনো প্রতিবন্ধকতা না থাকায় খালাসের পর দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া যায় পণ্য। এছাড়া পদ্মাসেতু চালু হওয়ায় মোংলা বন্দর ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫৭তম চালানের ৭৪৩ প্যাকেজে ১৬২৭ মেট্রিক টন মেশিনারিজ যন্ত্রাংশ খালাস করে মোংলা বন্দর ছেড়েছিল বিদেশি জাহাজ এমভি আনকা সান।