ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধুমধামে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে: মাথা ঝাঁকিয়ে ‘কবুল’ সম্মতি

ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশিত: ১২:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৪
ধুমধামে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে: মাথা ঝাঁকিয়ে ‘কবুল’ সম্মতি
ছবি: ডেইলি বাংলাদেশ

বেশ ধুমধাম করে গ্রাম-বাংলার আর দশটা বিয়ের মতোই উভয় পরিবারের সম্মতিতে দুই প্রতিবন্ধীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাথা ঝাঁকিয়ে বিয়ের কবুল বলে সম্মতি জানান তারা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামে উভয় পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে উৎসবে মেতে ওঠেন দুই পরিবার ও এলাকার মানুষ।  

বর কালিকাপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে নির্মাণ শ্রমিক বাক প্রতিবন্ধী হৃদয় হোসেন। কনে পার্শ্ববর্তী বহুলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা পুরাতন পাড়ার কৃষক তাজুলের বাক প্রতিবন্ধী মেয়ে সোনিয়া খাতুন।

বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুবইল ইউনিয়নের চেয়ারম্যান  মাহাবুব রহমান মামুন,
ইউপি সদস্য শাহাজুল ইসলাম ফকা।

Advertisement

ভেড়ামারা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি খাইরুল ইসলাম রিক্তা বলেন, প্রতিবন্ধীরাই এভাবে একে অপরের প্রতি যদি হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। এ সময় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করে বর-কনেকে দোয়া করেন।

ধুবইল ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান মামুন বলেন, প্রতিবন্ধীদের সমাজে বোঝা হিসেবে দেখা হয়। কিন্তু আসলে তারা বোঝা নয়। তাদেরকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাও আমাদের সম্পদ। আর আজকের এই আয়োজন আরেকটি অনুপ্রেরণা। বরযাত্রী ও অতিথিদের আপ্যায়ণসহ অন্যান্য বিষয় দেখভাল করেন এই চেয়ারম্যান। 

ভেড়ামারা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার নবীর উদ্দীন নবীর বলেন, এই ধরনের ব্যতিক্রম অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। দুই প্রতিবন্ধীর দাম্পত্য জীবনে কল্যাণ বয়ে আনুক এই প্রার্থনা করি।

বাক প্রতিবন্ধী দম্পতির সংসার যেন সুখের হয় এজন্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেছেন পরিবারের লোকজন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!