ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত তিনজনের পরিচয় মিলেছে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত তিনজনের পরিচয় মিলেছে
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের পরিচয় মিলেছে।

মৃতরা হলেন- জেলার সদর উপজেলার উত্তর ওয়াফদা গ্রামের মো. জামাল মজুমদারের ছেলে শাকিল (২০), সোনাপুর এলাকার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা কামরুল (৩০)। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবির চেয়ারম্যানের বাড়ির সামনে মাটিতে পাইপ পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঐ তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

Advertisement

জানা যায়, কিছুদিন আগে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবির চেয়ারম্যানের বাড়ির সামনে একটি ব্যক্তি মালিকানা ভবনের প্রথম ধাপের কাজ শুরু হয়। সকাল ৯টার দিকে পাঁচ শ্রমিক আরেকজন ঠিকাদারের অধীনে সেখানে পাইলিংয়ের কাজ করতে যায়।

দুপুর ১২টার দিকে দুইজন শ্রমিক পার্শ্ববর্তী দোকানে নাশতা করতে যান। তখন অপর তিন শ্রমিক দোকানে না গিয়ে পাইপ পাইলিংয়ের কাজ করতে থাকেন। একপর্যায়ে তারা মাটি থেকে পাইলিংয়ের পাইপ টেনে তুলতে গেলে উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। পরে দুই শ্রমিক এসে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!