ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ সন্তান রেখে ফাঁস নিলেন ইমামের চতুর্থ স্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৩০ জানুয়ারি ২০২৪
৫ সন্তান রেখে ফাঁস নিলেন ইমামের চতুর্থ স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে পাঁচ সন্তানের জননী মোসা. জয়নব (৪০) নামে এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের আউখিরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। 

মৃত জয়নব আউখিরা গ্রামের মৃত রুহুল ইসলাম হাওলাদারের ছেলে মো. ইমাম হোসেনের (৫০) এর চতুর্থ স্ত্রী এবং কানুনিয়া এলাকার মো. নজেব আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী মো. ইমাম হোসেন পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান। 

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইমাম হোসেন চারটি বিয়ে করেছেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকায় এবং ইমাম পরকীয়ায় আসক্ত থাকায় পরপর তিনটি স্ত্রী তার সংসার ছেড়ে চলে যান। জয়নব তার চতুর্থ স্ত্রী। ওই সংসারে ২টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।  

জয়নবের বড় ভাই সোহরাব হোসেন ও তার মেঝো মেয়ে লাখি আক্তার জানান, দুপুরে বাসায় মেয়ে লাখি এবং তার মা ছিলেন। বাবা ও ছোট ছেলে গরুর খড় আনতে জমিতে যান। মেয়ে লাখি পুকুরে গোসল শেষে ঘরে এসে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন জয়নব। পরে লাখি ডাক-চিৎকার দিলে আসমা নামে এক চাচি ঘরে আসেন এবং অচেতন অবস্থায় জয়নবকে নিচে নামিয়ে আনেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন আত্মহত্যা করেছেন তার সঠিক কোনো কারণ বলতে পারেননি লাখি।

ওসি মু. আতাউর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!