ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় চালকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২১ জানুয়ারি ২০২৪
নওগাঁয় চালকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলা উপজেলায় অটোচার্জার ছিনতাই করে খুনের সঙ্গে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া অটো চার্জারটি উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার রংপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাজরাবাড়ি ফকিরপাড়া গ্রামের আজহার আলীর ছেলে হাদিউল ইসলাম সজিবুর ওরফে জীবন ও গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাঝপাড়া গ্রামের আফছার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম আশরাফ।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জেলার মহাদেবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ছফের আলীর ছেলে অটো চার্জার চালক আজিজার রহমান। গত ১১ জানুয়ারি পত্নীতলা উপজেলার সাপাহারগামী পাকা রাস্তার ইটভাটার পাশের জমিতে তার লাশ পড়েছিল। কে বা কারা তাকে হত্যা করে তার অটো চার্জার ছিনতাই করে। এ ঘটনায় পরদিন নিহতের জামাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ও মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারদের সমন্বয়ে থানার ওসি মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে শনিবার সকালে রংপুর জেলার পীরগঞ্জ থানার সাতগাড়া গ্রাম থেকে হাদিউল ইসলামকে প্রথমে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে বগুড়া সদর থানার পীরগাছা বাজার থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই করা অটো চার্জারটি আশরাফুলের নিজ মেকানিকের দোকান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে হাদিউল ইসলাম আজিজুরকে হত্যা করে অটো চার্জার ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছেন।

পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, হাদিউল ও আশরাফুল এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা অটো চার্জার  ছিনতাইয়ের অপরাধে জড়িত। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, আজিজুরের লাশ উদ্ধারের পর প্রাথমিভাবে নিশ্চিত হওয়া যায়, ভিকটিমকে হত্যা করে তার অটো চার্জারটি চুরি করা হয়েছে। এরপর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম হত্যাকারীকে শনাক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে। অবশেষে এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করা হয়। অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!