ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সবুজের বুকে হলুদের বাহার

হাসান পিন্টু, লালমোহন (ভোলা)
প্রকাশিত: ১৯:১২, ২০ জানুয়ারি ২০২৪
সবুজের বুকে হলুদের বাহার
লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের জিএম বাজার এলাকার সরিষা ক্ষেত 

সবুজের বুকে ফুটে আছে হলুদ সরিষা ফুল। যতদূর চোখ যায় মাঠজুড়ে কেবলই হলুদের সমারোহ। এমন চিত্র ভোলার লালমোহন উপজেলার সরিষা ক্ষেতের। বাতাসে বাতাসে দুলছে এসব সরিষা ফুল। এমন দৃশ্যে মুহূর্তেই যেন মন জুড়িয়ে যায়। এ সৌন্দর্য উপভোগ করতে অনেকে ভিড় জমাচ্ছেন সরিষা ক্ষেতগুলোতে।

লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যার মধ্যে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, রমাগঞ্জ, পশ্চিম চরউমেদ, ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নের চাষিরা সবচেয়ে বেশি সরিষার আবাদ করেছেন।

উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের সরিষা চাষি মো. ফারুক মাল বলেন, গত বছর ৬৪ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। গেল বছর সরিষার ফলন ভালো হয়েছে। এ জন্য এবারও সমপরিমাণ জমিতে সরিষার আবাদ করেছি। ক্ষেতের সরিষায় এরমধ্যে ফুল এসেছে। আশা করছি গত বছরের মতো এবারও ভালো ফলন পাবো।

Advertisement

লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকায় প্রায় চারশত শতাংশ জমিতে সরিষার আবাদ করেছেন মো. আমির হোসেন মিস্ত্রি। তিনি জানান, গত বছর ১২০ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। ওই বছর ফলন অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ বাড়িয়ে প্রায় চারশত শতাংশ করেছি। সবকিছু ঠিক থাকলেও এ বছরও ভালো ফলন পাওয়ার আশা করছি।

উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ এলাকার হালিমা বেগম নামের এক সরিষা চাষি বলেন, গত বছর ১৬ শতাংশ জমিতে সরিষার চাষ করেছিলাম। সে বছর ফলন আশানুরূপ অনেক ভালো হয়েছে। যার জন্য এ বছর জমির পরিমাণ আরো বাড়িয়েছি। এ বছর জমির পরিমাণ ৩৩ শতাংশ। সরিষা গাছগুলোতে এরই মধ্যে ফুল ফুটেছে। আবহাওয়া ঠিক থাকলে এবারও ভালো ফলন হবে ইনশাআল্লাহ।

ওই ইউনিয়নের লেঙ্গুটিয়া এলাকার আরেক সরিষা চাষি মো. ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত। প্রতি বছরই কম-বেশি সরিষার চাষ করে আসছি। এ বছর ৩৩ শতাংশ জমিতে সরিষার আবাদ করেছি। আশা করছি চলতি বছরেও সরিষার কাঙ্ক্ষিত ফলন পাবো।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, সরিষার আবাদ অত্যন্ত লাভজনক। গত বছর সরিষা চাষ করে এ উপজেলার চাষিরা অধিক ফলন পেয়েছেন। আশা করছি, আবহাওয়া ঠিক থাকলে এবারও লালমোহনের সরিষা চাষিরা অনেক ভালো ফলন পাবেন। কৃষি অফিসের পক্ষ থেকে এসব চাষিদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!