ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৮ জানুয়ারি ২০২৪
পাবনায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যু
কৃষক খোকন মালিথা

পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক খোকন মালিথা (৪২) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মৃত খোকন মালিথা ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রোস্তম আলী মালিথার ছেলে। রোস্তম আলী মালিথা ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে খেজুরের রস খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খোকন মালিথা। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি।

Advertisement

খোকন মালিথার চাচা ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা বলেন, খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হন তিনি। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা গেছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা বলেন,খোকন মালিথা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি জানার পর তার বাড়িতে গিয়ে ও এলাকাবাসীসহ সবাইকে সচেতন করা হয়েছে। খেজুরের কাঁচা রস খাওয়া থেকে সবাইকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে খোকন মালিথার মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। মেডিকেল টিমের রিপোর্ট ঢাকায় পাঠাতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কৃষক পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!