ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ২১ মামলার আসামিসহ ৬ ডাকাত গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১৮ জানুয়ারি ২০২৪
ফরিদপুরে ২১ মামলার আসামিসহ ৬ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথায় একইরাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনায় ২১ মামলার আসামি ডাকাত মিজানুর মাতুব্বর মিজানসহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির সরঞ্জামসহ মালামাল উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে বেলা ১২টার দিকে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন বাবুল শেখ, ইয়াদ আলী, শাকিবুল শেখ, নাঈম মাতুব্বরও সাইফুল মাতুব্বর। তাদের সকলের বাড়ি সালথা উপজেলার বিভিন্ন গ্রামে। 

Advertisement

তাদের কাছ থেকে ডাকাতি হওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ৬০ হাজার টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রামদা, ছুরি, টিন কাটার ও শাবল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৮ ডিসেম্বর রাতে ৯ জনের একদল ডাকাত দু’দলে ভাগ হয়ে সালথার দিয়াপাড়া গ্রামে কাজী রাকিবুল ইসলাম, কাজী রবিউল ইসলাম ও সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতি করে। এ সময় তিন বাড়ি থেকে তারা নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় কাজী রাকিবুল ইসলাম বাদী হয়ে পরেরদিন সালথা থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, সালথা থানা পুলিশের একটি চৌকস দল মামলার তদন্তে নেমে প্রথমে সালথার বড়দিয়া বাজার থেকে বাবুল শেখকে গ্রেফতার করে। পরে বাবুলকে জিজ্ঞাসাবাদে অন্যান্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান, সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) তুহিন লস্করসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!