ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একদিনের মেলায় কোটি টাকার মাছ বিক্রি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:১৮, ১৬ জানুয়ারি ২০২৪
একদিনের মেলায় কোটি টাকার মাছ বিক্রি
ঐতিহ্যবাহী মাছের মেলা

গাজীপুরের কালীগঞ্জে প্রতি বছরের মতো এবারো পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়ে গেলো জামাই মেলা বা মাছের মেলা। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষের দিন অথবা মাঘ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয় এ মেলা। এবার মেলায় প্রায় এক কোটি টাকার মাছ বিক্রি হয়েছে।

প্রায় ২৫০ বছরের ঐতিহ্যবাহী এ মেলায় সাধারণ মানুষের ঢল নামে। প্রচলিত রেওয়াজ রয়েছে এ মেলাকে ঘিরে জামাই শ্বশুরের মাঝে বড় মাছ কেনার প্রতিযোগিতা হয়। এবার মেলার প্রধান আকর্ষণ ছিল লক্ষাধিক টাকা মূল্যের ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ।

সোমবার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, বক্তারপুর, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়নের চার মোহনায় বিনিরাইল গ্রামের বিনিরাইল বিলে বসেছিল এ মাছের মেলা। প্রায় ২৫০ বছর ধরে কৃষকের ধান কাটার পর ঐ জমিতে এ মেলার আয়োজন হয়ে থাকে। মেলার প্রধান আকর্ষণ বিশাল আকৃতির মাছ। সাধারণত প্রতি বছর পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম দিনটিতে বিনিরাইল গ্রামে এ মাছের বা জামাই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে আশপাশের প্রতিটি বাড়িতে মেয়ে, জামাই, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনে ভরে ওঠে।

Advertisement

অন্য কোনো উৎসবে দাওয়াত পেয়ে অনেক সময় শ্বশুর বাড়ি না আসলেও বিনিরাইলের মাছের মেলায় জামাইরা ঠিকই আসেন নিয়ম করে। বলতে গেলে এটি এক প্রকার রেওয়াজে পরিণত হয়েছে এই অঞ্চলে। নদী ও সাগরের বড় বড় মাছ, মিষ্টি, ফার্নিচার, তৈজসপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও বিক্রি হয় এ মেলায়।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছর মেলায় বেচাকেনা হয়েছে দেড় কোটি টাকার অধিক। এর মধ্যে মাছ বিক্রি হয়েছে এক কোটি টাকার মতো। আর বাকি ৫০ লক্ষ টাকা বিক্রি হয়েছে অন্যান্য সামগ্রী।

এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি মো. কিশোর আকন্দ বলেন, এ মেলা দিনব্যাপী হয়। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে চোখে পড়ার মতো। সবাই কিছু না কিছু কিনে নিয়ে বাড়ি ফেরেন। আমাদের এখানে শতাধিক মাছের স্টল বসেছিল। সবাই তাদের সঙ্গে করে নিয়া আসা মাছ বিক্রি করতে পেরেছেন। আমাদের কাছে বিক্রির সঠিক তথ্য না থাকলেও ধারণা করছি সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার বেচাকেনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!