ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৫, ১৪ জানুয়ারি ২০২৪
শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু
ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকায় শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শ্বশুরের মৃত্যু শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগম (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলী ছেলে। ছমিরন বেগম সাহেব আলীর ছেলে ছানাউল মিয়ার স্ত্রী। চিকিৎসকের ধারণা হার্ট অ্যাটাকে ছমিরন বেগমের মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন সাহেব আলী। এছাড়া বয়সের কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই বৃদ্ধ। শনিবার বিকেলে নিজ বাড়িতেই মারা যান সাহেব আলী। এর কিছু সময় পরে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তাদের প্রতিবেশীরা জানান, পূর্বেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল ছমিরন বেগমের। শনিবার বিকেলে কিছু সময়ের ব্যবধানে শ্বশুর ও ছেলের বউ মারা গেছেন। রোববার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় দু’জনের দাফন হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, সন্ধ্যার আগে পরিবারের লোকজন ছমিরন বেগমকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!