ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ৭ জানুয়ারি ২০২৪
কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ 
ছবি: ডেইলি বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের ৫৫৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বেলা সাড়ে ১২ টা পর্যন্ত জেলার কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, কক্সবাজারের চারটি আসনের সবকটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, কক্সবাজারের ৪ আসনের মধ্যে উখিয়া টেকনাফে ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে।

Advertisement

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন। কক্সবাজারে দলীয় ও স্বতন্ত্র মিলে ২৬ জন প্রার্থী রয়েছে। যেখানে কক্সবাজার-১ আসনে ৭ জন, কক্সবাজার-২ আসনে ৬ জন, কক্সবাজার-৩ আসনে ৬ জন ও কক্সবাজার-৪ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, কক্সবাজার জেলায় ৪ টি আসনে ৫৫৬ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩ হাজার ৫০৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ৭ হাজার ১০ জন পোলিং কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করছেন। জেলার ৪ টি আসনে ৩৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা-বাহিনীর ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!