ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩৫ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২ জানুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩৫ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকাইন্দাইল এলাকায় রবিনটেক্স গার্মেন্টসের সামনে থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মদসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাহফুজ (২২) রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মিছির আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। 

Advertisement

তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনাকালে ১ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটের দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির আওতাধীন  গোলাকাইন্দাইল এলাকাস্থ রবিনটেক্স গার্মেন্টসের সামনে অবস্থানকালে মাহফুজকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে ১টি ম্যাগাজিন সংযুক্ত একটি বিদেশি পিস্তল এবং তার হেফাজত হতে ৬ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। উক্ত অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত মাহফুজ গোলাকান্দাইলসহ রূপগঞ্জ থানা এলাকায় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন পক্ষের হয়ে মারামারিতে অংশগ্রহণ করে থাকেন। তিনি এলাকার একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এছাড়া গ্রেফতারকৃত মাহফুজের বিরুদ্ধে হত্যা, নারী ও শিশু নির্যাতন আইন, দ্রুত বিচার আইন ও মারামারির ঘটনায় ৩৫টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মাহফুজার রহমান প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!