খাগড়াছড়ির পানছড়িতে চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে পানছড়ি পোড়াবাড়ি এলাকায় বালিকা স্কুলের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে কর্মরত শিশু বিশেষজ্ঞ ডা. রাজেন্দ্র ত্রিপুরা মাতাল অবস্থায় প্রাইভেটকার ড্রাইভ করে পানছড়ি থেকে খাগড়াছড়ি জেলা সদরে আসার সময় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ২০ হাত দূরে গিয়ে পড়ে এবং ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুশান্ত চাকমা (৪৫) নিহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। নিহত সুশান্ত চাকমা সত্যধন পাড়া গ্রামের বিক্রম সেন চাকমার ছেলে।
.png)
পানছড়িতে একটি মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা কাজ শেষে খাগড়াছড়ি সদরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. ছাবের।
পানছড়ি থানার ওসি সফিউল আজম জানান, গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরা পানছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।