মেহেরপুর জেলা শহরের পৌরসভা ভবনের সামনে ও গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায়, বামন্দী শহরে বসেছে স্বল্প মূল্যের পোশাকের সমাহার। তবে গত বছরের চেয়ে এবার চড়া দাম হওয়ায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
গাংনী উপজেলা শহরের বাস্ট্যান্ড এলাকার খোলা মার্কেটে পোশাক কিনতে আসা জেসমিন খাতুন জানান, গত শীতে যে পোশাকটি ২০০ টাকা থেকে ৩০০ টাকা দিয়ে কিনেছি। এবার শীতের ওই পোশাক দ্বিগুন মূল্য দিয়ে কিনতে হচ্ছে।
.png)
পোশাক কিনতে আসা সজিব হোসেন জানান, এবার শীত পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে ক্রেতা যেমন বাড়ছে। ক্রেতার সংখ্যা বাড়ার কারণে পোশাকের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।
বিক্রেতারা জানান, পুরাতন কাপড়ের মধ্যে জ্যাকেট, সোয়েটার, চাদর, লং কোর্ট, মাফলার, হাত মোজা ও পা মোজা বিক্রি করেন তারা। কম মূল্যের নতুন কাপড়ও বিক্রি করেন কেউ কেউ। এ বছর শীত পড়ার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের ভিড় বাড়ছে। এখানে কৃষি দিনমজুর, শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিকশা-ভ্যান চালকরাই বেশি আসেন। এছাড়াও মধ্যবিত্তরা ও নিম্ন মধ্যবিত্তরাও আসেন।
খোলা মার্কেটের পোশাক বিক্রেতা সেলিম হোসেন জানান, গতবারের চেয়ে মোকাম থেকে আমাদের চড়া দামে পোশাক কিনতে হচ্ছে। সেজন্য আমরাও সীমিত লাভে পোশাক বিক্রি করছি।