ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৫, ২২ ডিসেম্বর ২০২৩
কক্সবাজারে পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
ফাইল ছবি

বাড়ির উঠানে খেলছিল শিশুগুলো। তবে এটাই যে তাদের শেষ খেলা হবে তা কে জানতো! পুকুরে ডুবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তিন শিশু। তাদের মধ্যে দুজন চাচাতো ভাই-বোন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সদর উপজেলার পিএমখালীর ছনখোলা ও কাঠালিয়ামোড়া এলাকায়।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সদরের পিএমখালী ইউনিয়নের ছনখোলা মাঝের পাড়ার বাসিন্দা জিয়া উদ্দীনের মেয়ে মিমতাহা মণি (৩), ও বোরহান উদ্দীনের ছেলে মোহাম্মদ (২ বছর ৫ মাস) এবং চট্টগ্রামের সাইদুল ইসলাম লাভলুর ছেলে আসাদুল আবরার (২ বছর ৬ মাস)। 

স্বজনেরা জানান, মিমতাহা ও মোহাম্মদ বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

Advertisement

অন্যদিকে চট্টগ্রাম থেকে পিএমখালীর কাঠালিয়া মোড়ায় সন্তান নিয়ে বেড়াতে আসেন সাইদুল ইসলাম লাভলু ও আসমাউল হুসনা দম্পতি। তাদের আড়াই বছরের শিশু আসাদুল আবরার পুকুরে পড়ে যাওয়ার পর তাকেও সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, পুকুরে পড়ে যাওয়া তিন শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!