ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিনা অস্ত্রোপচারে একদিনে ১০ নবজাতকের জন্ম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১৮ ডিসেম্বর ২০২৩
বিনা অস্ত্রোপচারে একদিনে ১০ নবজাতকের জন্ম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১১ মাসে (জানুয়ারি থেকে নভেম্বর) এক হাজার ১৪২টি প্রসব সম্পন্ন হয়েছে অপারেশন (অস্ত্রোপচার) ছাড়াই। এর মধ্যে শুধু নভেম্বরেই স্বাভাবিক প্রসব হয় ১১০ জন প্রসূতির। বলা যায়, গত এক বছরে হাজারের বেশি স্বাভাবিক প্রসব সম্পন্ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে অনেকটা রেকর্ড করেছে এ হাসপাতাল।

এদিকে, রোববার স্বাভাবিক প্রসবের মাধ্যমে ১০ নবজাতকের জন্ম হয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ। 

তিনি বলেন, নতুন প্রাণের আগমনে সব পরিবার হাসিমুখে বাড়ি ফিরে গেছে। রোববার অস্ত্রোপচারের মাধ্যমে এক নবজাতকের জন্ম হয়। নবজাতক ও মা উভয়েই সুস্থ আছেন। পাশাপাশি একইদিন বিনা অস্ত্রোপচারে জন্ম হয় ১০ নবজাতকের।

Advertisement

জানা যায়, বিগত বছরগুলোতে যেখানে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২টি স্বাভাবিক প্রসব হতো, কয়েক বছরের ব্যবধানে এখন প্রতিমাসে তা বেড়ে শতাধিক সংখ্যায় উন্নীত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় এক হাজারের বেশি নবজাতক। এর মধ্যে জানুয়ারি মাসে ১০২ জন, ফেব্রুয়ারি মাসে ৯৩, মার্চ মাসে ১০২, এপ্রিল মাসে ৯৮, মে মাসে ১০৮, জুন মাসে ৯৪, জুলাই মাসে ১১৪, আগস্ট মাসে ৯৮, সেপ্টেম্বর মাসে ১০৭, অক্টোবরে মাসে ১১৬ এবং নভেম্বর মাসে ১১০ জনের জন্ম হয়। এছাড়াও গত এক বছরে অস্ত্রোপচারের মাধ্যমে অর্ধশতাধিকেরও বেশি নবজাতক জন্ম নেয়। 

এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রশ্মি চাকমা বলেন, এ অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রসূতিদের সেবা প্রদানে সচেষ্ট রয়েছি আমরা। এ প্রচেষ্টার ফলে বিনা অস্ত্রোপচারে গত এক বছরে এক হাজার ১৪২ জন শিশুর জন্ম হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সিজারিয়ান করেও অর্ধশতাধিকেরও বেশি শিশুর জন্ম হয়েছে এ সময়ে। তবে নরমাল ডেলিভারিতেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ শিশুর জন্ম হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার, গাইনি কনসালটেন্ট, নার্স ও ধাত্রীসহ সংশ্লিষ্টদের একান্ত প্রচেষ্টায় এসব ডেলিভারি হয়েছে। এতে উপকৃত হয়েছেন হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!