রোববার দুপুর ২ টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর সন্ধান মেলেনি।
রোববার সকাল ৯ টার দিকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড। নিখোঁজরা হলেন মালখানগর ইউপি সদস্য হারুনুর রশিদ ও ঢাকার ধানমন্ডির বাসিন্দা মাহফুজুর রহমান।
.png)
টংগিবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান জানান, সকালে ডুবে যাওয়া ট্রলারের কাছাকাছি স্থান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে, ট্রলারে কিছু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিন ডুবুরি নিখোঁজদের সন্ধানে খোঁজ করছেন।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে টংগিবাড়ী থানায় মামলা হবে এবং নৌপুলিশ মামলা তদন্ত করবে।
বিআইডব্লিউটিএ এর উপপরিচালক ওবায়দুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে নদীতে টহল রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খেয়া পারাপারের ওই ট্রলারটি নদীর অপরপ্রান্তের পদ্মার চর থেকে হাসাইল বাজারে আসার পথে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। ঘটনার পর পরই দুই জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।