ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ডাকাতির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১৬ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে ডাকাতির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল।

শনিবার দুপুরে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চানপুর গ্রামের আবু জাহেরের ছেলে এমদাদুল হক মিলন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. নাজমুল হক এবং আবু সাঈদের ছেলে হৃদয় মিয়া।

Advertisement

র‌্যাব জানায়, গত ১২ ডিসেম্বর রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় সড়কে গাছ ফেলে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে ডাকাতদল। এ সময় ডাকাতরা লুট করে নিয়ে যায় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল। ডাকাতির শিকার হন উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এবং ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল হক মিঠু ও তার পরিবারের সদস্যরা। এছাড়া আরো বেশ কয়েকটি যানবাহনে ডাকতির ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় ১৩ ডিসেম্বর মাধবপুর থানায় একটি ডাকাতির মামলা হয়।

এরই পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এ ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত আটটি মোবাইল ফোন।

র‌্যাব আরো জানায়, ডাকাতি মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার করতে র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের নামে ডাকাতি ছাড়াও বিভিন্ন থানায় একাধিক চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!