ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ১৩ ডিসেম্বর ২০২৩
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুতের ঘটনায় এক যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণে আপাতত ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের মো. আসলাম হোসেন (৩৫)। পেশায় তিনি মুরগি ব্যবসায়ী। গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে জারিয়াগামী বলাকা কমিউটারের যাত্রা বাতিল করা হয়েছে এবং তিস্তা, যমুনাসহ অন্যান্য ট্রেন ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুট দিয়ে চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

জানা গেছে, ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা-জামালপুর, ঢাকা-মোহনগঞ্জের ট্রেনগুলো ঢাকা-ভৈরব-গৌরীপুর হয়ে চলাচল করবে। ৭০৭ তিস্তা এক্সপ্রেস বিমানবন্দর ছেড়ে যায় সকাল ৯টা ৮ মিনিটে, ঢাকাগামী ৭৪৬ যমুনা এক্সপ্রেস গৌরীপুর জংশনে প্রবেশ করেছে। ঢাকাগামী ৫২ জামালপুর কমিউটার ময়মনসিংহ জংশন ছেড়ে যাবে গৌরীপুরের উদ্দেশ্যে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়।

এদিকে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে বুধবার দুটি কমিটি করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে একটি এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!